

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: এসএসসি পাস শিক্ষার্থীরা পাসের আনন্দে ‘মিষ্টি না কিনে সেই টাকা তুলে দেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত সহপাঠীর মায়ের চিকিৎসায়’ এমন সংবাদটি প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসলে তিনি ওই মায়ের পাশে দাঁড়িয়েছেন। তিনি ওই শিক্ষার্থীর মায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান এমপি ও স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকতা মো.আশরাফুল আলমকে ফোন করে বিষয়টি জানানো হয়েছে।
এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মঙ্গলবার (১৮ আগষ্ট) সকালে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খানকে ফোন করেছিলেন। তিনি উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থী নাঈম সিকদারের ক্যান্সার আক্রান্ত মায়ের খোঁজ খবর নিয়েছেন এবং তাঁর পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রাথমিক ভাবে প্রধানমন্ত্রীর তহবিল থেকে কিছু অর্থ সহায়তা তুলে দেওয়া হবে। আগামী শনিবার স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এড.আহমেদ আযম খান কালিদাস কলতান বিদ্যানিকেতনে গিয়ে নিজ হাতে ওই পরিবারের কাছে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ তুলে দেবেন।
জানা যায়, সখীপুর উপজেলার কলতান বিদ্যানিকেতনের ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীরা পরীক্ষায় পাসের আনন্দে মিষ্টি বিতরণ না করে ২৫ জন শিক্ষার্থী মিষ্টি খাওয়ানোর ২০ হাজার টাকা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বাদলের হাতে তুলে দেন। পরে গত ১৬ আগষ্ট ওই প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী মিলে আরও ২০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা তাদের সহপাঠী নাঈমের ব্লাড ক্যান্সার আক্রান্ত মা লাইলী বেগমের চিকিৎসার জন্য নাঈমের দাদা আব্দুস ছাত্তার সিকদারের হাতে তুলে দেন। শিক্ষার্থীদের সহপাঠীর মায়ের জন্য এমন উদ্যোগ মিডিয়ার প্রচার হলে ব্যাপক প্রশংসা পায় শিক্ষার্থীরা।
প্রধানমন্ত্রী তার মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন এ খরর পাওয়ার পর শিক্ষার্থী নাঈম আনন্দে আপ্লুত হয়ে বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রাকাশ করছি। একই সাথে আমার সকল সহপাঠী ও শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আপনাদের মাধ্যমে আমার মায়ের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাই।
কলতান বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বাদল বলেন, আমাদের মানবিক প্রধানমনন্ত্রী জনাব তারেক রহমান নাঈমের মায়ের পাশে দাঁড়িয়েছেন এ জন্য নাঈমের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।
শিক্ষার্থী নাঈমের মা লাইলী আক্তারের গত ৪ আগষ্ট ব্লাড ক্যান্সার আক্রান্তের বিষয়টি শনাক্ত হয়। বর্তমানে তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি সখীপুর উপজেলার কালিদাস ঠকানিয়া পাড়া গ্রামের কাতার প্রবাসী আব্দুল লতিফ সিকদারের স্ত্রী।
