ঢাকা
logo
প্রকাশিত : August 18, 2026

উন্নয়নের বাইরে পলাশের ‘অদৃশ্য দেয়াল’, জেলা সদরের সংযোগকারী সরু সড়কটি আজ গলার কাঁটা

মো: তারেক পাঠান, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদী জেলা সদরের সঙ্গে সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক চরম সরু ও আঁকাবাঁকা থাকায় প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষকে পোহাতে হচ্ছে মর্মান্তিক জনদুর্ভোগ। পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের পাঁচদোনা চরসিন্দুর সড়কের চরনগরদী বাজার থেকে নরসিংদী জেলা সদরের চিনিশপুর হয়ে ভেলানগর জেলখানার মোড় এবং চিনিশপুর কালিমন্দির হয়ে ভেলানগর বাজার পর্যন্ত মাত্র আড়াই কিলোমিটার রাস্তার বেহাল ও সংকীর্ণ দশার কারণে আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই জনপদের সাধারণ মানুষ। নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খানের দৃষ্টি আকর্ষণ করে সড়কটি দ্রুত প্রশস্ত ও সোজা করার জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সড়কটি এতটাই চাপা ও সরু যে, পাশাপাশি দুটি বড় যানবাহন বা বাস-ট্রাক ক্রসিংয়ের সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। শুধু তাই নয় সড়কের বিভিন্ন অংশে ভেঙ্গে পানি জমে বড় বড় গর্ত হয়ে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এর ফলে রিকশা, অটোরিকশা, সিএনজি এবং সাধারণ পথচারীদের চলাচল করাও অত্যন্ত জনঅস্বস্তি হয়ে পড়েছে। অথচ জেলার বাকি পাঁচ উপজেলার সংযোগ সড়কগুলো প্রশস্ত হলেও পলাশ উপজেলার এই যোগাযোগের ধীরগতি ও উদাসীনতা নিয়ে সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​এলাকাবাসী জানান, এই আঁকাবাঁকা রাস্তাটি সোজা করা সম্ভব হলে এর দূরত্ব কমে মাত্র এক কিলোমিটারে নেমে আসবে, যা সময় ও জ্বালানি উভয়ই সাশ্রয় করবে। এছাড়া, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নিজ বাড়ি চরণগরদী বাজারের পশ্চিম পাশেই এই সড়কটির অবস্থান হওয়ায়, এমপির পক্ষ থেকে রাস্তাটির প্রতি দ্রুত নজর দেওয়া উচিত বলে মনে করছেন স্থানীয়রা।

সামান্য এই দূরত্বটুকু প্রশস্ত না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন কোমলমতি শিক্ষার্থী এবং মুমূর্ষু রোগীরা। উপজেলা থেকে কোনো রোগী বা গর্ভবতী মাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স যানজটে আটকে চরম বিপদের মুখে পড়ছে। অনেক সময় রাস্তায় আটকে থেকে রোগীর জীবন সংকটাপন্ন হয়ে ওঠে।

​এছাড়া স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা সঠিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছেন। সাধারণ চাকুরিজীবী ও ব্যবসায়ীদের দৈনন্দিন জীবনযাত্রাও আজ স্থবির হয়ে পড়েছে। রাস্তাটি প্রশস্ত এবং অপ্রয়োজনীয় বাঁকগুলো সোজা করা গেলে জেলা সদরের সঙ্গে অতি দ্রুত, মাত্র ৫ মিনিটের মধ্যে স্কুল-কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছানো সম্ভব হবে।

​এ বিষয়ে ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা জানান, এই রাস্তাটি অত্যন্ত জন গুরুত্বপূর্ণ রাস্তা। জেলা সদরের সাথে একমাত্র সংযোগ রাস্তা হওয়ায় পলাশের ছাত্র-ছাত্রীসহ আপামোর জনসাধারণের প্রাণের দাবি বিবেচনা করে পলাশের মাননীয় সংসদ সদস্য মহোদয় এ রাস্তাটি প্রশস্তকরণসহ আধুনিকায়নের জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন এবং যথাযথ কর্তৃপক্ষকে অতি দ্রুত কাজ বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করেছেন। পলাশের ছাত্র-জনতার প্রত্যাশা অচিরেই সমাধান হবে বলে আমি আশা করি।

​অন্যদিকে, পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন জানান, রাস্তা প্রশস্তকরণের বিষয়ে ড. আব্দুল মঈন নরসিংদী এলজিইডি নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়েছেন, অতি দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও জিনারদী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক মোঃ রাকীন মাশরুর খান জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি পর্যালোচনা করে সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন।

​পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, জেলা উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করে রাস্তাটির প্রয়োজনীয়তা তুলে ধরা হবে এবং মাননীয় সংসদ সদস্যের সাথে বিষয়টি নিয়ে আলোচনাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

​এ বিষয়ে নরসিংদীর এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী খন্দকার গোলাম শওকত জানান, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অতি দ্রুতই সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদী।

​পলাশবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খানের সরাসরি হস্তক্ষেপ এবং একটি বিশেষ মেগা প্রকল্প গ্রহণের মাধ্যমে সড়কটি দ্রুত সংস্কার ও প্রশস্ত করার জোর দাবি জানিয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram