

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ঢাকাগামী সব ধরনের গণপরিবহন বন্ধ রেখেছে বাস মালিক ও শ্রমিক সংগঠন। জেলা বাস মালিক সমিতি থেকে অতিরিক্ত বাস ভূঞাপুর বাস মালিক সমিতিতে যুক্ত করায় বাস চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে ঢাকাগামী কোন পরিবহন ভূঞাপুর থেকে ছেড়ে না যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
যাত্রীরা জানায়, ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে দুরপাল্লার কোন বাস চলাচল না করায় ভোগান্তি হচ্ছে। মালামাল ও শিশুদের নিয়ে বেশি বেকায়দায় পড়েছে তারা। মালিক সমিতির দ্বন্দ্বের কারণে যাত্রীদের ভোগান্তি সমাধানের দাবী তাদের।
আর বাস মালিক ও শ্রমিক সংঠনের নেতারা বলছেন, ভূঞাপুর বাসস্ট্যান্ডে ৫৮টি বাস রয়েছে। সেখান অর্ধেক বাস প্রতিদিন চলাচল করছে। এরমধ্যে জেলা বাস মালিক সমিতি আরো বাস এখানে চাপিয়ে দিয়েছে। এর প্রতিবাদে বাস চলাচল বন্ধ রয়েছে। সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে।
টাঙ্গাইল জেলা বাস কোচ মালিক সমিতির আহবায়ক শফিকুর রহমান জানান, পূর্বে থেকেই একটি বাস ভূঞাপুর থেকে চলাচল করেছে। সেটি চলাচলের জন্য ভূঞাপুরে চিঠি দেয়া হয়েছে। আমাদের সাথে কোন প্রকার আলোচনা না করেই বাস চলাচল বন্ধ করা এটি অযৌক্তিক।
