

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে উপজেলা প্রশাসন চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক হাজার টাকা জরিমানা করেন ইউএনও মাজহারুল ইসলাম। একই সঙ্গে ভবিষ্যতে আর পাখি শিকার করবেন না-এ মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
আজ রোববার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের একটি ভুট্টাক্ষেতে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে টিয়া পাখিসহ মিনার আলীকে আটক করা হয়।
পরে উদ্ধার করা টিয়াপাখিগুলো শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
ইউএনও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার সম্পূর্ণ বেআইনি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব প্রাণী সংরক্ষণ জরুরি। তিনি সকলকে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় পাখি শিকার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
