

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের স্থানীয় জলসীমায় মোটর ট্যাংকার ‘সি স্পাইক’ ও বাল্ক ক্যারিয়ার ‘সান শাইন’-এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পরপরই উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে পোর্ট টাগবোটের পাশাপাশি নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা নিয়োজিত রয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “স্থানীয় জলসীমায় মোটর ট্যাংকার সি স্পাইক এবং বাল্ক ক্যারিয়ার সান শাইনের মধ্যে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দ্রুততম সময়ে সাড়া দিয়ে পোর্ট টাগবোট, নৌবাহিনী এবং কোস্ট গার্ড বর্তমানে উদ্ধার ও সহায়তায় নিয়োজিত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”
এদিকে সংঘর্ষে কোনো হতাহত হয়েছে কিনা, কিংবা জাহাজ দুটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করে উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
