

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: চলতি অর্থবছরের মধ্যে পাঁচটি সিটি কর্পোরেশনসহ দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও শিশু উদ্যান পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকারের তিনটি মন্ত্রণালয় কাজ করছে। কোন নির্বাচন আগে এবং কোনটি পরে হবে, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চলতি অর্থবছরের মধ্যেই পাঁচটি সিটি কর্পোরেশনসহ সব স্থানীয় নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এবং নির্বাচনের জন্য বাজেটেও অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল শিশু উদ্যানকে আরও আধুনিক ও ব্যবহার উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা বলেন। মাঠের চারপাশে ওয়াকওয়ে নির্মাণ, শিশুদের খেলাধুলার সামগ্রী স্থাপনসহ বিভিন্ন উন্নয়নকাজের প্রয়োজনীয়তা নিরূপণ করে ব্যয় প্রাক্কলন ও বরাদ্দের প্রস্তাব পাঠাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে নির্দেশ দেন।
এ ছাড়া মাঠে থাকা ভবনটি ইংলিশ ভার্সন স্কুল হিসেবে ব্যবহারের উপযোগী করতে কী কী অবকাঠামো ও সুযোগ-সুবিধা প্রয়োজন এবং কত অর্থের প্রয়োজন হবে, তার বিস্তারিত প্রস্তাবও পাঠানোর নির্দেশনা দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ কে আরও সুন্দর ও আধুনিক পর্যটন শহর হিসেবে গড়ে তোলার ইচ্ছা রয়েছে তাঁর। পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
পরে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রেসক্লাবের উন্নয়নে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। একই সঙ্গে প্রেসক্লাবের উন্নয়ন কার্যক্রমে ভবিষ্যতেও তাঁর সহযোগিতা ও দৃষ্টি থাকবে বলে আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান ওরফে ভিপি মিজান, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমদ চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ূন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন ও সদস্য সচিব রুবেল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে প্রতিমন্ত্রী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের পাশে একটি গোলাপজাম গাছের চারা রোপণ করেন। পরে শ্রীমঙ্গল পৌরসভার হরিজন সম্প্রদায়ের জন্য নির্মাণাধীন সাততলা আবাসন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
এছাড়া ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ এবং উপজেলার মোহাজিরাবাদ এলাকার একটি সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেন।
সফরের শেষ দিকে প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগাড় পরিদর্শন করেন।
