

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে একটি হাইয়েস মাইক্রোবাস থেকে ২৫৬ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর এলাকার ইসাখাঁ সিএনজি পাম্পসংলগ্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কালো রঙের একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটির চালক পালিয়ে যান।
দাউদকান্দি মডেল থানার তদন্ত কর্মকর্তা (পরিদর্শক) শামসুল আলম জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম পলাশের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ও এসআই কাওসার হোসেনের সঙ্গে থাকা পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে কালো প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ২৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া কালো কাগজে মোড়ানো ভারতীয় ফেয়ারডিল-এর ১ হাজার ৫৭৫ বোতল এবং বাদামি প্লাস্টিকের কাগজে মোড়ানো ৪৮টি প্যাকেটে ভারতীয় এস্কাফ-এর ১ হাজার ২০০ বোতল উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত হাইয়েস গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-চ-১৫-১৩১৫। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত মাদকের মূল্য ১ কোটি টাকা হতে পারে।
ওসি সাজেদুল ইসলাম জানান, "পুলিশের অভিযান চলাকালে গাড়িটির চালক পালিয়ে যান। পরে গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি এই বড় চালানের সঙ্গে কারা জড়িত এবং মাদকগুলো কোথা থেকে আনা হয়েছিল বা কোথায় নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দাউদকান্দির সহকারী পুলিশ সুপার খলিলুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।"
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এত বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন। তাদের কয়েকজন বলেন, দাউদকান্দিতে একসঙ্গে এত বড় মাদকের চালান তারা আগে কখনো দেখেননি। মহাসড়ক দিয়ে এত বড় চালান পরিবহনের ঘটনায় তারা বিস্মিত।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় এক কোটি টাকা হবে। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে মাদকের এই বড় চালানের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
