

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে গলায় রুটি আটকে আনিকা জান্নাত (১৩) নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সানবান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
সে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হলুদিয়াচালা গ্রামের প্রবাসী আজগর আলীর মেয়ে। নিহত আনিকা জান্নাত স্থানীয় সূর্য তরুণ শিক্ষাঙ্গনের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
নিহত জান্নাতের নানা সিদ্দিক হোসেন বলেন, গতকাল সন্ধ্যার পর জান্নাত পড়তে বসে। এ সময় তার মা তাকে রুটি বানিয়ে দেন। পড়াশোনা করতে করতে সে রুটি খাচ্ছিল। হঠাৎ শুকনা রুটি তার গলায় আটকে যায়। পরে জান্নাতকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সেলিম কবির জানান, হাসপাতালে আনার আগেই জান্নাতের মৃত্যু হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
