

নরসিংদী প্রতিনিধি: গ্যাস সংকটের মধ্যেই নরসিংদীতে কন্টেইনারে করে অবৈধভাবে অন্য জেলায় সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে সিএনজি চালিত মোটরযান চালক ও মালিকবৃন্দ এই মানববন্ধনের আয়োজন করেন।
এসময় বক্তারা বলেন, অতিরিক্ত মুনাফা পেয়ে পাম্প মালিকরা রাতের আধারে কন্টেইনার ভর্তি করে সিলিন্ডারে করে অবৈধভাবে গ্যাস বিক্রি করছে। যার ফলে দিনের বেলা পাম্প গুলোতে গ্যাসের পর্যাপ্ত চাপ থাকছেনা। এতে পাম্প গুলোতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হচ্ছে। ঘন্টার পর ঘন্টা বসে থেকেও চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছেনা। গ্যাস সংকট নিরসনে রাতের আধারে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধ করতে হবে।
অবৈধভাবে গ্যাস সরবরাহ বন্ধ করে গ্যাস সংকটের স্থায়ী সমাধান করা না হলে তিতাস ঘেরাও সহ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের মতো বড় কর্মসূচির গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে।
