

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা জেলার ১৮টি থানার মধ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, পলাতক আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার এবং দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম ওসি মো. সাজেদুল ইসলামের হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনায় দাউদকান্দি মডেল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাফল্য, নিয়মিত অভিযান পরিচালনা, ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তার, মাদকবিরোধী কার্যক্রম এবং অপরাধ দমনে সক্রিয় ভূমিকা বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়।
অনুষ্ঠানে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় দাউদকান্দি মডেল থানার পুলিশ সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। এ অর্জনকে দাউদকান্দির আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের চলমান কার্যক্রমের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
