

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া এলাকায় ৫৯ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ৫৬টি মোবাইল ও ১টি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মোঃ সহিমুদ্দীনের ছেলে মোঃ সানাউল্লাহ (২৮), একই গ্রামের আবু সায়েদের ছেলে মোঃ হারুনুর রশিদ (১৯) ও মৃত আশরাফুল ইসলামের ছেলে মোঃ ইয়াসিন আলী (১৯)।
৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, সোমবার রাত সাড়ে ৯টার সময় ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপি’র একটি টহলদল সীমান্ত মেইন পিলার ১৮৫ হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে আটককৃত আসামীদের কাছ থেকে ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই ৫৬টি মোবাইল ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ২৮ লক্ষ টাকা।
আটককৃত আসামীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের শেষে আজ মঙ্গলবার দুপুরে আদালতে সোর্পদ করে পুলিশ। আর জব্দকৃত মোবাইল ও মোটরসাইকেল শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
