ঢাকা
logo
প্রকাশিত : August 11, 2026

ঋণনির্ভর অর্থনীতির ফলই আজকের সংকট: হুইপ আখতারুজ্জামান মিয়া

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক ও বিদ্যুৎ খাতের সংকট দীর্ঘদিনের ঋণনির্ভর নীতির ফল। তিনি দাবি করেন, বিদ্যুৎ ব্যবস্থাকে স্থায়ী ও টেকসই করতে অতীতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়ন পরিষদে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতারুজ্জামান মিয়া বলেন, “আপনি যদি ঋণ করে ঘি খান, একদিন ঋণ বন্ধ হলে আর ঘি খেতে পারবেন না। আজ আমরা ঠিক সেই অবস্থায় এসে পৌঁছেছি।”

তিনি বলেন, দেশের সংকটময় সময়ে আল্লাহর অশেষ রহমত ও কৃপায় বারবার পরিবর্তনের সুযোগ এসেছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় এসে দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেন এবং বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের শাহাদাতের পর স্বৈরাচারী এরশাদ সরকারের আমলে দেশের পরিস্থিতির অবনতি ঘটে। পরে ১৯৯১ সালের সাধারণ নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতায় আনে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পুনরায় উন্নয়নের ধারায় ফিরে আসে।

বক্তব্যে তিনি দাবি করেন, ১৯৯৬ সালে ক্ষমতার পরিবর্তনের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২০০১ সাল পর্যন্ত দেশে লুটপাট চালায় এবং মানুষের স্বাধীনতা ক্ষুণ্ন করে। এরপর ২০০১ সালের নির্বাচনে জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠিত হয়। ওই সময় দেশের অর্থনীতির চাকা সচল করা হয় বলেও তিনি মন্তব্য করেন।

সংসদ সদস্য বলেন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় আসেন। পরবর্তী ১৬ বছরে দেশের মানুষের ওপর নির্যাতন চালানোর পাশাপাশি রাজনীতি ও বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। গত ১৬–১৭ বছরে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নয়, বরং অতল গহ্বরে নিয়ে যাওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন আসে। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। তবে সেই সরকার দেড় বছরে কী কাজ করেছে, তার মূল্যায়ন জনগণই করবে বলে মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শেষদিকে তিনি বলেন, বর্তমান সরকার মাত্র কয়েক মাস ধরে দায়িত্ব পালন করছে এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক চৌধুরী, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল আলম তুহিন এবং মো. মোসলেম উদ্দিন সরকার।

ভাবকী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য মো. সফিকুল আলমের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় স্থানীয় সাংগঠনিক কার্যক্রম, দলের ভবিষ্যৎ কর্মকৌশল এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram