ঢাকা
logo
প্রকাশিত : August 11, 2026

নদীভাঙন, জলাবদ্ধতা ও দালালমুক্ত ভূমিসেবা; বাবুগঞ্জবাসীর দাবিতে জেলা প্রশাসকের আশ্বাস

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: দীর্ঘদিনের নদীভাঙন সমস্যা থেকে বাবুগঞ্জবাসীকে রক্ষায় দীর্ঘমেয়াদি ও টেকসই প্রকল্প গ্রহণের আশ্বাস দিয়েছেন বরিশালের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসন এবং দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব আশ্বাস দেন জেলা প্রশাসক।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার।

মতবিনিময় সভায় বাবুগঞ্জের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় উপজেলার সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙন প্রতিরোধে দীর্ঘস্থায়ী ও টেকসই প্রকল্প গ্রহণের দাবি জানানো হয়।

আলোচনায় বলা হয়, বাবুগঞ্জে নদীভাঙন দীর্ঘদিনের সমস্যা। বিভিন্ন সময়ে অস্থায়ীভাবে ভাঙন প্রতিরোধের উদ্যোগ নেওয়া হলেও অনেক ক্ষেত্রে তা স্থায়ী সমাধান দিতে পারেনি। ফলে নদীভাঙন থেকে বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।

এ ছাড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিচু খেলার মাঠ বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়। এতে শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে উল্লেখ করে মাঠ উঁচুকরণ ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়।

ভূমিসেবা নিতে গিয়ে দালাল বা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে সাধারণ মানুষ হয়রানি ও অতিরিক্ত অর্থ ব্যয়ের শিকার হওয়ার অভিযোগও তুলে ধরা হয়। সাধারণ মানুষ যাতে সরাসরি স্বচ্ছ, সহজ ও হয়রানিমুক্ত ভূমিসেবা পান এবং দালালদের দৌরাত্ম্য বন্ধ হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

জেলা প্রশাসক মো. মামুন খন্দকার এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। জনসাধারণের সেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা নিয়ে বাবুগঞ্জকে একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে। জনগণের সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রউফ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুজ সালেহীন খান, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহফুজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram