

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: মালয়েশিয়ায় ঘুমের মধ্যে ফেনীর সোনাগাজীর ইমরান হোসেন (৩১) নামে এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। মালয়েশিয়ায় তার বাসায় ৯ আগস্ট রোববার বাংলাদেশ সময় বিকাল চারটায় তার মৃত্যু হয়।
তিনি ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের ওসমান আলী মিয়াজী বাড়ির আবু ইউসুফের ছোট ছেলে। তিনি ছয় ভাইবোনের মধ্যে সবার ছোট। মাত্র ১৯ বছর বয়সে পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে ১২ বছর আগে মালয়েশিয়া যান ইমরান। সেখানে তিনি একটি কোম্পানির ক্যান্টিনে চাকরি করতেন।
চার বছর থাকার পর ভিসায় জটিলতায় পড়েন তিনি। তাই এক যুগেও দেশে ফিরতে পারেননি। গত দুই মাস পূর্বে আইনি জটিলতা মোকাবিলা করে তিনি ভিসা নবায়ন করেন। আগামী দুই মাস পর দেশে ফিরে বিয়ে করার কথা ছিল তার। কিন্তু তার আর দেশে ফেরা হলো না। ৯ আগস্ট বাংলাদেশ সময় চারটার দিকে তার কক্ষে গিয়ে সহকর্মীরা তাকে ডাকাডাকি করেন। এসময় তার কোন সাড়া শব্দ না শুনে তার ভাগ্নেকে ডেকে আনেন তারা। দরজার ছিটকানি ভেঙে তার শয়ন কক্ষে ঢুকে তারা দেখতে পান সে ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেছে। তার মরদেহ মালয়েশিয়ার একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
তার পিতা আবু ইউসুফ সন্তানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ছেলে একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে বিদেশের মাটিতে টাকা রোজগার করে দেশের অর্থনীতি চাঙা করেছেন। তার মরদেহ দেশে ফেরত আনতে তিনি বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
