ঢাকা
logo
প্রকাশিত : August 10, 2026

চট্টগ্রামের বহিঃনোঙরে ২ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড জানায়, সোমবার রাত ৩টার দিকে চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় অপারেশন ‘সমুদ্র প্রহরা’য় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত অমান্য করে বোটটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়।

পরে বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পাচারে ব্যবহৃত বোটসহ দুইজনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, একটি সংঘবদ্ধ মাদক চক্র মিয়ানমারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামে পাচারের চেষ্টা করছিল।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির মাধ্যমে মাদকের এই বড় চালানটির তথ্য পাওয়া যায়। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সংঘবদ্ধ চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবা ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ভবিষ্যতেও আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram