

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে রোববার বড়লেখা ও জুড়ী উপজেলার পাহাড় ও সমতলে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় উৎসবমুখর পরিবেশে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালন করেছেন।
বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখা, বড়লেখা ইনডিজেনিয়াস পিপলস ডেভেলপমেন্ট ফোরাম, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন বড়লেখা শাখা যৌথভাবে এসব অনুষ্ঠানমালার আয়োজন করে।
আলোচনা সভায় আদিবাসী ফোরামের প্রতিনিধিরা বর্তমান সরকারের প্রতি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, বিভিন্ন পুঞ্জির বিদ্যমান ভূমি সমস্যার সমাধানের পদক্ষেপ গ্রহণ, আদিবাসিদের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য বাজেট বরাদ্দসহ ১৪টি দাবি পেশ করেন।
বড়লেখা ইনডিজেনিয়াস পিপলস ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি নারায়ণ কুর্মীর সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি রিপন কুর্মী এবং বড়লেখা আদিবাসী যুব ফোরামের আহ্বায়ক জসিন্তা সুমের যৌথ সঞ্চালনায় জেলা পরিষদ অডিটোরিয়াম বড়লেখায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। তিনি আদিবাসীদের বিভিন্ন দাবি দাওয়ার প্রতি একাত্বতা প্রকাশ করে এর কয়েকটি দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. আব্দুল কাইয়ুম, এমপি পত্নী ফৌজিয়া আহমদ, এমপি কন্যা ফাতেমা বিনতে আহমদ সানজিদা, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, আদিবাসী যুব ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি তামলিমন বারেঃ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র কেন্দ্রীয় সদস্য ফাদার যোসেফ গোমেজ, আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন কুবরাজ বড়লেখা শাখার সাধারণ সম্পাদক এলিয়াস বারেঃ প্রমুখ।
