

এম এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে 'আদিবাসী ধাত্রীদের সম্মাননা : জীবন ও কল্যাণ সুরক্ষা' প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ই আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি ও সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যৌথ উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ রবিবার (৯ আগস্ট) সকালে পার্বতীপুর শহীদ মিনার চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। র্যালি শেষে অনুষ্ঠিত উপজেলা হলরুমে বক্তব্য দেন- সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক কাউন্সিলর মঞ্জুরুল আজিজ পলাশ, ল্যাম্ব হাসপাতালের সাবেক জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন, আদিবাসী সমাজ উন্নয়ণ সংস্থার সভাপতি কার্লুশ সরেন, মিনতি মার্ডি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশাররফ, কারিতাস বাংলাদেশের কর্মসূচি কর্মকর্তা সীমা মুরম্যু, সোশ্যাল এক্টিভস, সমাজসেবক মৃনাল মুর্ম্যু।
বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, অধিকার রক্ষা এবং বিশেষ করে প্রথাগত আদিবাসী ধাত্রীদের অবদান ও তাদের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন। সংগঠনের পক্ষ থেকে আদিবাসী ১২ দফা দাবী বাস্তবায়নের মাননীয় সংসদ সদস্য দিনাজপুর-৫ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি পেশ করেন।
গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে), কারিতাস ও লাম্ব সহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংস্থা এবং বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
