

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় মালবোঝাই পিকআপের ধাক্কায় মোঃ আব্দুল আউয়াল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (৯ আগস্ট) সকালে পুঠিয়া-আড়ানী আঞ্চলিক সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। নিহত আব্দুল আউয়াল পুঠিয়া উপজেলার কান্দ্রা দুদুর মোড় এলাকার মৃত আবতাব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে ত্রিমোহনী বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আব্দুল আউয়াল। এ সময় পুঠিয়া-আড়ানী আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় একটি মালবোঝাই পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
