

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের নুন্দা বিল এবং বাদিয়াজান প্লাবনভূমিতে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১৩০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত চায়না দুয়ারী জালগুলোর দৈর্ঘ্য প্রায় ২৬০০ মিটার ও কারেন্ট জাল ৬৫০ মিটার এবং এগুলোর আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা। পরবর্তীতে জব্দকৃত এসব অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম, বাসাইল থানার সাব-ইন্সপেক্টর মোঃ রুহুলসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গ্রাম পুলিশ, ফুলকি ইউনিয়ন পরিষদ এবং মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”
