

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেখা মিলেছে বাংলাদেশের অন্যতম বিরল ও বিপন্ন প্রাণী ‘উল্টোলেজি বানর’-এর (Northern pig-tailed macaque)। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বনের মগডালে ছোট একটি দলের সাবলীল উপস্থিতি পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে।
শূকরের লেজের মতো পিঠের দিকে বাঁকানো লেজ থাকার কারণে স্থানীয়দের কাছে এরা ‘কেশরওয়ালা সিংহ বানর’ বা ‘কুলু বান্দর’ নামেও পরিচিত। সাধারণত ২০-২৫টির দলে বসবাসকারী এই প্রাণী প্রধানত ফলমূল ও কচিপাতা খেয়ে বেঁচে থাকে। লাউয়াছড়া ছাড়াও সাতছড়ি ও রেমা-কালেঙ্গায় এদের সীমিত উপস্থিতি রয়েছে। আইইউসিএন-এর লাল তালিকা অনুযায়ী এরা বৈশ্বিকভাবে ‘সংকটাপন্ন’ (Vulnerable) এবং বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী আইনে সংরক্ষিত।
এদিকে বনের মাঝ দিয়ে যাওয়া আখাউড়া–সিলেট রেলপথ ও দ্রুতগতির ট্রেন চলাচল এই বুনো প্রাণীদের অস্তিত্বের জন্য বড় হুমকি বলে মনে করছেন পরিবেশবাদীরা।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, বিপন্ন এই দলটি বর্তমানে নিরাপদে রয়েছে এবং বনবিভাগের পক্ষ থেকে তাদের গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছে। পাশাপাশি বন্যপ্রাণীর উপযোগী খাদ্যগাছের চারাও রোপণ করা হয়েছে। উপযুক্ত সংরক্ষণ ও ট্রেন চলাচলে সচেতনতা বাড়ানো গেলে এই বিরল প্রজাতি চিরতরে টিকে থাকবে বলে আশা সংশ্লিষ্টদের।
