

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ মানুষ এবং অবৈধপথে বিদেশ গিয়ে দেশে ফিরে আসা অভিবাসীদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ইতালি দূতাবাসের কর্মকর্তারা।
মঙ্গলবার দুপুরে মাদারীপুরের শিবচরে উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের সন্নাসীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। পরে প্রতিনিধিদল জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্থ পরিবার এবং আইওএমের সহায়তায় পুনর্বাসিত প্রত্যাবর্তনকারী অভিবাসীদের বিভিন্ন জীবিকাভিত্তিক উদ্যোগ পরিদর্শন করেন।
এ সময় তারা স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও কমিউনিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে অবৈধ পথে ফিরে আসা অভিবাসীদের অভিজ্ঞতা ও দুর্ভোগের কথা শোনেন। বক্তারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশ গমনের ভয়াবহ পরিণতি তুলে ধরে সবাইকে বৈধ প্রক্রিয়ায় বিদেশে কর্মসংস্থানের জন্য উৎসাহিত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইওএমের ডেপুটি ডিরেক্টর জেনারেল ফর অপারেশন্স উগোচি ড্যানিয়েল বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্থ মানুষ এবং আইওএমের সহায়তায় পুনর্বাসিত প্রত্যাবর্তনকারী অভিবাসীদের বিভিন্ন উদ্যোগ আমরা পরিদর্শণ করেছি। তাদের কাছ থেকে অবৈধ পথে বিদেশ যাওয়ার বেদনাদায়ক অভিজ্ঞতার কথা শুনেছি। অবৈধ পথে গেলে নানা ধরনের ঝুঁকি ও দুর্ভোগের মুখে পড়তে হয়। তাই আমরা সবাইকে বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থানের জন্য উৎসাহিত করছি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আইওএম বাংলাদেশের চিফ অব মিশন লাউরা টম বন্ডে, আইওএমের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক লরি কাটো, ইতালি দূতাবাসে সংযুক্ত ইতালিয়ান পুলিশের মেজর গিইউসেপ্পে দি জিওভান্নি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং সন্নাসীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোহিনুর হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
