

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে আতিকুর রহমান (৩০) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ১১টার দিকে উপজেলার ঘুলহাড়িয়া খেয়াঘাট সংলগ্ন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আতিকুর উপজেলার কসব ইউনিয়নের বনকুড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পর থেকেই নিখোঁজ ছিলেন আতিকুর রহমান। সকালে নদীর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
