

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্প নির্মাণের কারণে স্থানীয় মানুষের জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। বেসরকারি সংস্থা প্রান্তজন-এর আয়োজনে স্থানীয় মানুষের দুই বছরের গণগবেষণার ফলাফল সোমবার সকাল এগারোটায় উপজেলা পরিষদের হলরুমে প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, একশন এইডের সহকারী প্রোগ্রাম অফিসার মারজিয়া জাহান, প্রান্তজনের ফিল্ড কোঅর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা।
গবেষণায় উঠে এসেছে অপরিকল্পিত তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে আর্থিক স্বচ্ছলতার অবনতি, সামাজিক সংকট, চিরায়ত পেশার বিলুপ্তি, পরিবেশগত বিপর্যয়, সুপেয় পানির সংকট, বিশুদ্ধ বায়ুর অভাব, জীববৈচিত্র্যের ক্ষয়, কৃষি উৎপাদনে বিপর্যয়, জনস্বাস্থ্য সংকট এবং বহুমাত্রিক রোগব্যাধির বিস্তার। নারীদের ওপর লিঙ্গভিত্তিক বিরূপ প্রভাব ও মৎস্য-প্রাণিসম্পদ খাতেও ক্ষতি হয়েছে।
গবেষণায় পাঁচটি সুপারিশ দেওয়া হয়; বিষাক্ত কয়লা বর্জ্য ও ফ্লাই অ্যাশের বিস্তার বন্ধ করা, বিনামূল্যে সোলার হোম সিস্টেম ও বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবস্থা নিশ্চিত করা। পরে গণগবেষণায় অংশগ্রহণকারীদের ক্রেস্ট প্রদান করা হয়।
