

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আজিজুল জমাদ্দার (৫৬) নামে অপর এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আজিজুল উপজেলার আলমতলা গ্রামের মৃত সামছুর রহমান জমাদ্দারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে আজিজুল পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার সিজারিয়ান চিকিৎসাধীন মেয়েকে দেখে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাইকেলের তেল ফুরিয়ে গেলে তিনি ঠেলে নিয়ে সামনের দিকে এগুচ্ছিলেন। এসময় আলমতলা-কয়রা সড়কের শিববাড়ী ব্রিজের অপরপ্রান্তে ফ্যান্টাসি গার্ডেনের সামনে পৌছালে অপর দিক থেকে দ্রুতগতির হলুদ রঙের একটি সুজুকি মোটর সাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহতাবস্থায় সড়কে পড়ে যান।
এসময় স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মো. সাঈদ আলী বলেন, ছোট ভাই আজিজুল জমাদ্দার ওইদিন পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন সিজার হওয়া মেয়েকে দেখে সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিল। পথে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে সেটি ঠেলে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। এসময় ঘটনাস্থলে একটি দ্রুতগতির হলুদ রঙের সুজুকি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যায়। এসময় ধাক্কা দেওয়া সাইকেলটিও ঘটনাস্থলে ছিল তবে লোকজন জড়ো হওয়ার আগেই ঘটনাস্থল ত্যাগ করে সে।
হাসপাতালে কর্তব্যরত ডা. প্রান্ত সরদার বলেন, স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আজিজুলকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
