

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করেছেন। নৌকার মাঝিমাল্লাসহ আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাটসংলগ্ন বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। পরে উদ্ধার হওয়া ১৮ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মন্নান জানান, রাখাইন রাজ্যের সংঘাতপূর্ণ এলাকা থেকে একদল রোহিঙ্গা নৌকাযোগে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন।
শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়ার জেলে ইসমাইল জানান, নৌকাটিতে মোট ৩১ জন আরোহী ছিলেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু ছিলেন না বলেও তিনি দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাখাইন উপকূল থেকে যাত্রীদের আনতে বাংলাদেশ অংশ থেকে চারজন মাঝি সাগরে গিয়েছিলেন। নিখোঁজদের মধ্যে ওই মাঝিরাও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, উদ্ধার হওয়া ১৮ জনকে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। তাদের পরিচয়, বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্য এবং নৌকাডুবির ঘটনার বিভিন্ন দিক যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
উল্লেখ্য, বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে ১২ লাখ। এর মধ্যে ২০১৭ সালের ২৫ আগস্টের পর মায়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার মুখে কয়েক মাসের ব্যবধানে প্রায় ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।
