

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া) উদ্ধার করেছে পুলিশ। অস্ত্র দুটি কীভাবে সেখানে এল এবং কারা ফেলে গেছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত দেড়টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের প্যারিস রোড এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র দুটি উদ্ধার করে ঈশ্বরদী থানা-পুলিশ।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্যারিস রোড এলাকায় অভিযান চালায়। সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়। অস্ত্রগুলো কারা সেখানে রেখে গেছে বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
তিনি আরও বলেন, “উদ্ধার হওয়া অস্ত্র দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।”
পুলিশ জানায়, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অনুসন্ধান চালানো হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় কোনো ব্যক্তি আটক হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
