

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ছয়টি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার টানেল সংযোগ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরি এলাকার বাসিন্দা রমিজ মেম্বারের বাড়ির পলি দত্ত (৩০)। তিনি কাজল দত্তের স্ত্রী এবং দুই সন্তানের জননী। অপর নিহত ইফা শীল (৪০), একই এলাকার বাসিন্দা শিমুল শীলের স্ত্রী।প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম মেট্রো-জ ১১-০২৯০ নম্বরের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস টানেল সড়ক থেকে বের হয়ে টানেল সংযোগ চত্বরে অপেক্ষমাণ একসঙ্গে থাকা ছয়টি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাগুলো দুমড়ে-মুচড়ে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে আব্দুল মান্নানের চায়ের দোকানে ঢুকে পড়ে।দুর্ঘটনায় সিএনজি চালক, যাত্রী এবং চায়ের দোকানিরাসহ অন্তত ৩০ জন আহত হন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই দুই নারীর মৃত্যু হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। আহত কয়েকজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
