

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগর, মনিরামপুর ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং এক বৃদ্ধা আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার রানাভাটা কয়লাঘাট স্কুলের সামনে ইজিবাইক উল্টে মহিতোষ মণ্ডল (৫০) নামে এক যাত্রী নিহত হন। পুলিশ জানায়, নওয়াপাড়া বাজারে যাওয়ার পথে ইজিবাইকটি উল্টে গেলে তিনি নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ইজিবাইকের চালক জাহিদুর রহমান গাড়িসহ পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, মনিরামপুর উপজেলার জালঝাড়া বাজারের সামনে অজ্ঞাত একটি যানবাহনের চাপায় অজ্ঞাতপরিচয় এক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সড়কে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে, যশোর শহরের পালবাড়ী ঘোষপাড়া বিবি রোড এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি মোটরসাইকেলের ধাক্কায় আলেয়া (৬৫) নামে এক বৃদ্ধা আহত হন। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
