

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের বাটারাকান্দি এলাকায় একটি গরুর খামারের পাশে খোলা জায়গা থেকে লিয়াকত (নাম) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে হযরতপুর ইউনিয়নের বাটারাকান্দি এলাকার দেলোয়ার মিয়ার গরুর খামারের পাশে খোলা জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিয়াকত জয়নব আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গরুর খামারের পাশে খোলা জায়গায় লিয়াকতের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল কুদ্দুস বলেন, পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে নিহতের কপাল, পিঠ ও দুই পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ কারণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে আঘাত করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
