

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে শিবচরে “ক্যাশলেস শিবচর, মাদারীপুর” ব্যাংকিং ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর ১২ টার দিকে পূবালী ব্যাংকের শিবচর শাখার আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় র্যালি, আলোচনা সভা ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে "বাংলা কিউ আর" এর এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
পূবালী ব্যাংকের শিবচর শাখা ব্যবস্থাপক শেখ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মাহমুদুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের যুগ্ম পরিচালক মোঃ তানিম হাসান, বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক খন্দকার আতিকুর রহমান, পূবালী ব্যাংকের ফরিদপুর অঞ্চলের আরআর এম সহকারী জেনারেল ম্যানেজার শেখ মোঃ মারুফ হাসান।
বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশ সরকারের অন্যতম পরিকল্পনা আধুনিক ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে। পূবালী বাংকের "বাংলা কিউ আর" কোডের মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও সহজে বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
উপস্থিত বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আধুনিক ব্যাংকিং সেবার সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের এক পর্যায়ে শিবচর বাজারের কয়েকজন ব্যবসায়ীদের মাঝে "বাংলা কিউ আর" এর কোড তুলে দেয়া হয়।
প্রবাসী পরিবারের সদস্য ও সাধারণ গ্রাহকরা ২৪ ঘণ্টা বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকিও কমবে। আলোচনা শেষে ফিতা কেটে “ক্যাশলেস” এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এসময় পূবালী ব্যাংকের শিবচরের পাঁচ্চর উপশাখা ব্যবস্থাপক মো: কাওসার আহমেদসহ ম্যানেজারসহ আরো বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।
