

ইয়াহিয়া খান রুবেল, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ প্রতিরোধে উপজেলার আঞ্চলিক সড়ক গুলোতে পুলিশিং নৈশ টহলসহ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলমের দিকনির্দেশনায় থানার কয়েকটি টিম প্রতিদিন রাতে সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ টহল পরিচালনা করছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার প্রতিটি এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিতে এই বিশেষ অভিযান শুরু হয়েছে। বিশেষ করে রহনপুর-আড্ডা, আড্ডা-সারাইগাছি এবং চৌডালা- কানসাট আঞ্চলিক সড়কের ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নজরদারি অনেকাংশে বাড়ানো হয়েছে, যাতে সাধারণ পথচারী, ছোট-বড় যানবাহন ও মালবাহী ট্রাক-পিকআপ এবং ব্যবসায়ীরা রাতে নিরাপদে যাতায়াত করতে পারেন।
উল্লেখ্য যে, এই সড়ক গুলোতে প্রায়শই ছিনতাই ও ডাকাতির ঘটনা সংগঠিত হয়ে থাকে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ বলেন, এ এলাকার জনগণ যেন রাতে কোনো রকম আতঙ্ক ছাড়া নিশ্চিন্তে নিরাপদে যাতায়াত করতে পারেন এবং রাতে ঘুমাতে পারেন এটাই আমাদের মূল লক্ষ্য। অপরাধ দমনে গোমস্তাপুর থানা পুলিশ জিরো টলারেন্স গ্রহণ করেছেন এবং আমাদের এই নৈশ টহল কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। এ বিষয়ে এলাকার জনগণকে সচেতন থাকতে এবং পুলিশকে সহযোগিতা করতে অনুরোধ জানান।
পুলিশের এমন দৃশ্যমান ও তৎপরতার পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। রাতের বেলা প্রধান সড়ক গুলোতে পুলিশের নিয়মিত উপস্থিতি জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে এবং অপরাধীদের দৌরাত্ম অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সচেতন মহল।
