

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সামাজিক ও মানবিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় সাধারণ মানুষের চুল কেটে ও চুল রং করে ব্যতিক্রমী সেবা দিয়েছেন একদল কোরিয়ান স্বেচ্ছাসেবক দল।
উপজেলার সৈয়দপুর ইউনিয়ন নিয়ামতপুর প্রেসবিটারিয়ান চার্চ মিশন ও কেড়ালগাঁও মিশনে মঙ্গলবার ও বুধবার দিনব্যাপী এই মানবিক সেবা কার্যক্রম পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসবিটারিয়ান চার্চে'র প্রতিষ্ঠাতা রেভা : কিয়াং ইয়োব লি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান রনজিৎ কুমার রায়, সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, নিয়ামতপুর মিশনের পরিচালক রেভারেন্ট বিষ্ণুপদ রায়, ইউপি সদস্য শাহাজান আলী, হোপ বাংলাদেশ পীরগঞ্জ এডিপির ম্যানেজার বিশ্বনা রায়, চার্চের সম্পাদক বিপুল চন্দ্র রায়, চার্চ বিশ্বাসী সুবাস রায সহ আরো অনেকে।

চুল কাটা পরিচালনা করেন কোরিয়ান দক্ষ হেয়ার কাটিং মাষ্টার হান দক-জিন, ই ইন জু এবং সন সেউং হি এবং সোং ইউন ওক সহ কয়েক জনের একটি দল।
উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ কোরিয়া থেকে আসা স্বেচ্ছাসেবী দলটির সদস্যরা অত্যন্ত আন্তরিকতার সাথে স্থানীয় শিশু, কিশোর ও বৃদ্ধদের বিনামূল্যে চুল কেটে ও চুল রং করে দেন। চুল কাটার পাশাপাশি তারা উপস্থিত শিশুদের মাঝে নাচ-গান করেন ও শুকনো খাবার বিতরণ করেন।
বাংলাদেশ প্রেসবিটারিয়ান চার্চে'র প্রতিষ্ঠাতা রেভা : কিয়াং ইয়োব লি বলেন, মানুষের মাঝে ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে এবং সামাজিক মেলবন্ধন সুদৃঢ় করতেই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
