

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা এবং স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতে নড়াইলের কালিয়ায় স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেওয়া মা ও নবজাতকদের শুভেচ্ছা উপহার দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৯ জুলাই) কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারটি পরিবারের নবজাতক ও মায়ের হাতে এ শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া মায়েদের অভিনন্দন জানানোর পাশাপাশি পরিবারগুলোকে নিরাপদ মাতৃত্ব ও শিশুর সুস্থতার বিষয়ে সচেতন করা হয়।
উপহার প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। মা ও নবজাতকের সুস্থতার জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতে হবে। মা ও শিশুর প্রতি শুভেচ্ছা হিসেবে আমাদের এই ছোট্ট উদ্যোগ ভবিষ্যতে আরও পরিবারকে সচেতন ও উৎসাহিত করবে বলে আমরা আশা করি।
তিনি আরও বলেন, মা ও নবজাতকের প্রতি শুভেচ্ছা জানাতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগ ছোট হলেও এর মাধ্যমে পরিবারগুলোর মধ্যে সচেতনতা ও ইতিবাচক মনোভাব তৈরি হবে। ভবিষ্যতেও নিরাপদ মাতৃত্ব ও সুস্থ শিশুর জন্ম নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এফ. এম. আবু তাহের এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
উপহার পেয়ে নবজাতকের পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, সন্তান জন্মের পর প্রশাসনের পক্ষ থেকে এমন শুভেচ্ছা নতুন মা-বাবার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
