

মনীষ সরকার রানা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সংরক্ষিত মহিলা আসন-২৮ এর সংসদ সদস্য মমতাজ আলো সুন্দরগঞ্জ উপজেলা সফর করেছেন। বুধবার (২৯ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন, চলমান উন্নয়ন কার্যক্রম এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান সংসদ সদস্য।
এরপর তিনি উপজেলার হরিপুর, কাপাসিয়া ও বেলকা ইউনিয়নের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্দশা নিরসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি'র সভাপতি ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল হাসান মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
