ঢাকা
logo
প্রকাশিত : July 28, 2026

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুনসহ ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেফতার ৭

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে সৌদি ফেরত এক ব্যক্তির বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর খুনসহ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনার সাথে সরাসরি জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

আজ ২৮ জুলাই (মঙ্গলবার) মাধবদী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) আশিক, কলিমুল্লাহ, সজিব এবং মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেনসহ জেলা পুলিশ ও ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ ভোররাতে মাধবদী থানাধীন নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী গ্রামে (মকবুল মেম্বারের বাড়ির পাশে) সৌদি ফেরত মিলনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতদের প্রতিহত করার চেষ্টাকালে তাদের ধারালো অস্ত্রের আঘাতে মিলনের বড় ভাই মোঃ শাহজাহান (৫৬) নিহত হন এবং নিহতের চাচা মোঃ সুরুজ মিয়া গুরুতর জখম হন। ডাকাত দল বাড়ি থেকে প্রায় ১ ভরি স্বর্ণালংকার ও ২টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। এই ঘটনায় গত ১৯ জুলাই মাধবদী থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং- ২৩, ধারা: ৩৯৬/৩৯৭ পেনাল কোড)।

ঘটনার পরপরই নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের দিক-নির্দেশনায় মাধবদী থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলটির ৭ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, জুবায়ের হোসেন (২০), আশিক আহমেদ (২৩), মোজাহিদ রহমান অপু (২২), মোঃ সুজন মিয়া (২৫), মোঃ ফারুক মিয়া (৩০), রোমান (২৮) ও মোঃ হৃদয় মিয়া (২২)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে নগদ ৮ হাজার টাকা (জুবায়েরের কাছ থেকে ৪ হাজার, আশিকের কাছ থেকে ২ হাজার ও সুজনের কাছ থেকে ২ হাজার টাকা) উদ্ধার করা হয়েছে। তদন্তে আরও দেখা যায়, এই চক্রটি গত ১১ জুলাই খড়িয়া এলাকায় সংঘটিত ডাকাতি মামলা এবং ৩০ জুন কোতোয়ালিরচর এলাকার দিগন্ত হত্যা মামলার সাথেও জড়িত ছিল।

গ্রেফতারকৃত আসামীদের ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উল্লাহ মোহাম্মদ ফয়সলের নেতৃত্বে লুন্ঠিত স্বর্ণালংকার ও মোবাইল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram