

মোহাম্মদ আলী, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, নির্মাণাধীন ভবনে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের বড়দিঘীর পাড় এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা অংশ নেন। বক্তারা বলেন, প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা ও চাঁদাবাজির মতো ঘটনা ব্যবসা-বাণিজ্যের পরিবেশকে হুমকির মুখে ফেলছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা আরও বাড়বে।
বড়দিঘীর পাড় ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউছুফ কোম্পানীর সভাপতিত্বে এবং চিকনদণ্ডী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদ আলী মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মো. ইউছুফ কোম্পানী বলেন, একজন শান্তিপ্রিয় ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে গুলি চালানো ও শ্রমিককে রক্তাক্ত করার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
চিকনদণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি নেজাম উদ্দিন হাকিম বলেন, একটি সংঘবদ্ধ চক্র হাটহাজারীর শান্ত পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। দিনের আলোয় প্রকাশ্যে হামলা ও গুলিবর্ষণের ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তিনি কোনো প্রভাবশালী মহলের চাপ উপেক্ষা করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপজেলা বিএনপির সদস্য মো. ইউছুফ, মো. নাছিরউদ্দীন, মো. জাকির হোসেন, পাহাড়তলী বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রাশেদ, সভাপতি (প্রাঃ) গাজী মো. ইউছুফ, জেলা যুবদলের সহ-সভাপতি সৈয়দ মো. ইকবাল, সাবেক সম্পাদক মো. ঈসা সাদিক, চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইসহাক, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ মো. সরওয়ার, লালীয়ারহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ এবং বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ইছা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রবিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে বড়দিঘীর পাড় এলাকায় ব্যবসায়ী হাজী মো. জসিম সওদাগরের নির্মাণাধীন ১০ তলা ভবনে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন নম্বর থেকে তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা না দেওয়ায় ৮–১০ জনের একটি সশস্ত্র দল লেগুনাযোগে এসে ভবনে হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে এক নির্মাণশ্রমিক গুরুতর আহত হন।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
