

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় জয়নাল আবেদীন (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সখীপুর-গোড়াই সড়কের প্রতিমা বংকী মিনি স্টেডিয়ামের কাছে এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত গুঞ্জর আলীর ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত জয়নাল আবেদীন নিজ বাড়ি থেকে গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে সখীপুর-গোড়াই সড়ক দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোস্তফা কামাল জানান, জয়নাল আবেদীনের মাথায় আঘাত লেগে কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। ফলে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হেলাল উদ্দিন পি.পি.এম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
