

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান। সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মোহাম্মদ হূমায়ুন রশীদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নবী নেওয়াজ, জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মাকাশক্তি নিরাময় কেন্দ্রের প্রতিনিধি ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে তুলে ধরে বলেন, মাদক শুধু একটি জীবন নয় পুরো পরিবার শেষ করে দেয়। তাই মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সকল শ্রেণিপেশার মানুষকে মাদক প্রতিরোধে কাজ করতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
