

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাঁর বক্তব্যের প্রতিবাদে সোমবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেলে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে সকল ইউনিয়ন ও পৌরসভার শত শত নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
পৌর বিএনপির সভাপতি মো. শরীফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইকলিল আযম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দীপু, যুগ্ম আহ্বায়ক বাবু, সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল এবং যুবদল নেতা সাহিদুল খাঁসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন সম্প্রতি একটি অনুষ্ঠানে সংসদ সদস্য মুশফিকুর রহমান ও তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. হানিফ খন্দকারকে নিয়ে কুরুচিপূর্ণ ও অসাংগঠনিক বক্তব্য দিয়েছেন, যা দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
বক্তারা আরও বিভিন্ন অভিযোগ তুলে ধরে বলেন, এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বিএনপির চেয়ারপারসন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা বিএনপির নেতাদের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলা রক্ষা এবং আপত্তিকর বক্তব্য পরিহারের আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।
