

সরওয়ার কামাল, মহেশখালী: কক্সবাজারের মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজারে অবৈধভাবে ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী পৌরসভার সহকারী প্রকৌশলী বিশ্বজিৎ দাশ ও মাওলানা এরফান উল্লাহ সহ আনসার সদস্যদের টিম।
অভিযানকালে ফুটপাত অবৈধভাবে দখল করে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ৩ জনকে ৩টি পৃথক মামলায় মোট ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।
