

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় বাবুবাজার সেতুর নিচে একটি অটোরিকশার গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গ্যারেজে থাকা অন্তত ৪২টি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে গ্যারেজে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গ্যারেজে ছড়িয়ে পড়লে সেখানে থাকা অটোরিকশাগুলো সরিয়ে নেওয়ার সুযোগ পাননি চালকরা।
খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে ৪২টি অটোরিকশা পুড়ে গেছে। গ্যারেজ মালিকপক্ষের দাবি, এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
