

এসআই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে ব্রিজ থেকে নীচে পড়ে আবুল হোসেন (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভবনগর এলাকার ভাওনের খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ব্রিজের নিরাপত্তাবেষ্টনী না থাকায় বাইসাইকেলসহ নিচে পড়ে যান বলে স্থানীয়রা জানিয়েছে। নিহত আবুল হোসেন মহেশপুর উপজেলার রূপপুর পশ্চিমপাড়া গ্রামের বাহার উদ্দীনের ছেলে।
স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন জানান, বৃদ্ধ আবুল হোসেন প্রতিদিনই বিলে মাছ ধরতে যেত। রোববার সকাল ১০টার দিকে তিনি ভবনগর বাজার থেকে চা পান করে বাইসাইকেলে চড়ে বিলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভবনগর ভাওনের খালের ব্রিজে উঠতেই নিরাপত্তাবেষ্টনী না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলসহ নিচে পড়ে যান। ব্রিজের নিচে থাকা মাছ ধরার বাঁশের বেড়া বা খাঁচার ওপর পড়ে মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ব্রিজের নিচে লাশ ও বাইসাইকেল উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, ব্রিজের ওপর থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান মারা গেছেন।
