

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে ভিত্তিহীন গুজব ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ছে, যা পাহাড়ে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে জানিয়ে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেছেন, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান অক্ষুণ্ণ রাখতে সবাইকে গুজবের বিষয়ে সজাগ ও সতর্ক থাকতে হবে।
রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় মাটিরাঙ্গা জোন সদরে অনুষ্ঠিত মাসিক নিরাপত্তা সমন্বয় ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সড়ক মেরামতের কাজে অংশ নেওয়া ব্যক্তি ও সংগঠনগুলোর প্রশংসা করে জোন অধিনায়ক আরো বলেন, দুর্যোগ মোকাবিলায় সব রাজনৈতিক দলের সম্মিলিত অংশগ্রহণ একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবাইকে একযোগে ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় মাদক, চোরাচালান, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য এবং মাটিরাঙ্গা বাজার ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত জেডএসও মেজর সামিউল হক, ২৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, মাটিরাঙ্গা ও গুইমারা থানার প্রতিনিধিরা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জামায়াতের আমির আবদুল জলিলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
