

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের পশ্চিম ধামুরা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মো. আনিস হাওলাদার (৪০) ও হাফিজা বেগম (৪৫) নামে দুইজনকে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এসআই এসএম তারেক আজিজের নেতৃত্বে এএসআই আবদুল আলী, এএসআই অন্তর আহমেদসহ পুলিশের একটি চৌকস দল পশ্চিম ধামুরা এলাকায় সাঁড়াশি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
গ্রেফতারকৃত আনিস হাওলাদার পশ্চিম ধামুরা গ্রামের আরশেদ হাওলাদারের ছেলে এবং হাফিজা বেগম একই এলাকার মৃত শাহে আলম হাওলাদারের স্ত্রী। স্থানীয় সূত্রের দাবি, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও এবার পুলিশের অভিযানে তারা মাদকসহ ধরা পড়েন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে নারীসহ দুই আসামিকে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, "মাদকের বিরুদ্ধে উজিরপুর থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী বা মাদকসেবী, কাউকেই ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।"
এদিকে সফল এ অভিযানে দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করায় অভিযানের নেতৃত্বদানকারী এসআই এসএম তারেক আজিজসহ অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্রশংসা করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের মতে, পুলিশের ধারাবাহিক ও কঠোর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলে উজিরপুরে মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করা সহজ হবে।
