

ইয়াহিয়া খান রুবেল, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে ৪ জন যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত আনুমানিক ০২:৪৫ এ ভোলাহাট উপজেলা খাদ্য গোডাউনের সামনে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানের ভেতর থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, আব্দুর রাজ্জাক ওরফে সিফাত (২২), সাখাওয়াত হোসেন ওরফে সম্রাট (২৪), রাউফ হাসান (১৮) ও আসাদুল (২৮)।
তারা ৪ জনই ভোলাহাট উপজেলার।
ভোলাহাট থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশের একটি দল খাদ্য গোডাউনের সামনের ওই মোবাইল সার্ভিসিং দোকানে অভিযান চালায়। এ সময় সংঘবদ্ধভাবে ইয়াবা সেবনরত অবস্থায় এই ৪ জন যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ আটককৃত ৪ জন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিষয়টি নিশ্চিত করেছেন।
