

স্টাফ রিপোর্টার, জাহেদুল জাহিদ: রাজধানীর পিঙ্ক সিটি আবাসিকে আজ রবিবার অনুষ্ঠিত হয়েছে গুরুর বাড়ির নিয়মিত সাপ্তাহিক ইসলামিক মাহফিল ও আধ্যাত্মিক আলোচনা সভা। প্রতি রবিবারের ধারাবাহিকতায় আয়োজিত এ মাহফিলে ইসলাম, মানবতা, আত্মশুদ্ধি এবং সুফিবাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল "মানবদেহ ও আধ্যাত্মিকতা"। আলোচনায় মানবদেহের বাহ্যিক ও অন্তর্নিহিত দিক, নফস, কলব, রুহ এবং আত্মার পরিশুদ্ধির গুরুত্ব ইসলামের আলোকে তুলে ধরা হয়। বক্তারা বলেন, মানুষের প্রকৃত সফলতা কেবল বাহ্যিক অর্জনে নয়; বরং আত্মশুদ্ধি, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করার মধ্যেই নিহিত।
মাহফিলে উপস্থিত ছিলেন আমির খোজে ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ সুফী জনাব হারুন অর রশিদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি সৃষ্টির মূল শিক্ষা হলো মানবতার কল্যাণ, আর ইসলাম সেই মানবতাকেই সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। তিনি আত্মশুদ্ধির মাধ্যমে নফসের পরিশুদ্ধি, কলবের জাগরণ এবং রুহের উন্নতির গুরুত্ব তুলে ধরে উপস্থিত সকলকে কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে নৈতিক অবক্ষয় ও পারস্পরিক বিভেদ দূর করতে ইসলামি শিক্ষা, আধ্যাত্মিক অনুশীলন এবং মানবিক মূল্যবোধের চর্চার কোনো বিকল্প নেই। আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।
মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লি, ভক্তবৃন্দ ও সুফিবাদে আগ্রহী ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দেশ, জাতি এবং সমগ্র বিশ্ব মানবতার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, প্রতি রবিবার একই স্থানে এ ধরনের ইসলামিক ও আত্মশুদ্ধিমূলক আলোচনা সভা নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।
