

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের একটি সংগঠন। উপজেলার ঢেমশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দুই শতাধিক বানভাসী পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
‘মানবতা আমাদের শক্তি, সহযোগিতা আমাদের দায়িত্ব’—এই স্লোগানকে সামনে রেখে ডি-আর নর্দার্ন কেপ সাউথ আফ্রিকা গ্রুপের পক্ষ থেকে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। আফ্রিকা প্রবাসী আব্দুল হামিদের সহযোগিতায় এবং আফজল হোসেনের ব্যবস্থাপনায় ঢেমশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বন্যার্ত মানুষের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
বন্যার পানিতে ঘরবাড়ি, কৃষি ও জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতির পর অনেক পরিবার যখন চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে, ঠিক সেই সময়ে প্রবাসীদের এই উদ্যোগ বন্যার্তদের মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। নগদ অর্থ সহায়তা পেয়ে উপকারভোগীরা প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহর মুল্লুক রাশেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ শফি, ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নেয়াজুর রহমান, স্থানীয় সমাজসেবক সিরাজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয়রা।
উপস্থিত বক্তারা বলেন, বন্যার মতো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। দেশের বাইরে থেকেও প্রবাসীরা বন্যার্ত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন—এটি সত্যিই প্রশংসনীয়। তাদের এই মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সহযোগিতার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
স্থানীয়রা বলেন, দুর্যোগের সময় প্রবাসীদের পাঠানো এই সহায়তা শুধু অর্থ নয়, এটি বন্যার্ত মানুষের জন্য ভালোবাসা ও মানবতার বার্তা। ভবিষ্যতেও সমাজের বিত্তবান ও প্রবাসীরা এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন—এমন প্রত্যাশা তাদের।
