

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রাম বহিঃনোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত মালামালসহ ১৬ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২২ জুলাই ২০২৬ বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বহিঃনোঙ্গর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’।
অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক লাইফবোটে তল্লাশি চালানো হয়। এ সময় বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত প্রায় ৫৪ হাজার টাকা মূল্যের ১ হাজার ২০ কেজি স্ক্র্যাপ, একটি ওয়্যার সিলিং এবং দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ১৬ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত মালামাল, চোরাচালানে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
