ঢাকা
logo
প্রকাশিত : July 22, 2026

ঈশ্বরদীতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে অস্ত্রের মুখে চালক-হেলপারকে জিম্মি করে প্রায় ৭৪ লাখ টাকা মূল্যের ঝুটবোঝাই দুইটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল এলাকায় লালন শাহ সেতুর সংযোগ সড়কের পাশে একটি ওজন স্কেলে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পাকশীর যুক্তিতলা গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে জিয়াউল হাসান বিপ্লব বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঝুটসহ ট্রাক দুটি উদ্ধার করতে সক্ষম হলেও এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

মামলার এজাহার ও পুলিশ সূত্র জানায়, ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানা থেকে ঝুটবোঝাই ছয়টি ট্রাক বের করা হয়। রাত আনুমানিক ৯টার দিকে পাকশীর দিয়াড় বাঘইল এলাকার একটি ওজন স্কেলে ট্রাকগুলোর ওজন নেওয়ার সময় মোটরসাইকেলযোগে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল সেখানে আসে।

এ সময় ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে ট্রাকচালক, হেলপার ও ওজন স্কেলের কর্মচারীদের জিম্মি করে মারধর করে। পরে তারা ঝুটবোঝাই দুইটি ট্রাক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, ডাকাতরা প্রথমে ট্রাক দুটি পাকশীর নতুন রূপপুর স্কুলসংলগ্ন একটি কড়ইগাছের নিচে কিছু সময়ের জন্য রাখে। পরে ট্রাক দুটি পাবনা শহরের বিসিক এলাকায় নিয়ে পুনরায় ওজন করিয়ে বাইপাস সড়কসংলগ্ন গাছপাড়া এলাকায় নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ রাতভর অভিযান শুরু করে। একপর্যায়ে জিম্মি অবস্থায় থাকা ট্রাকচালকদের উদ্ধার এবং ঝুটসহ ট্রাক দুটি নিজেদের হেফাজতে নেয় ডিবি পুলিশ।

ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, “ঘটনার তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।”

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, “এ ঘটনাকে শুধু ছিনতাই বললে ভুল হবে। এটি একটি পরিকল্পিত ডাকাতি। কারণ, ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল এতে অংশ নিয়েছে। অভিযানের আগেই তারা একটি প্রাইভেট কারে করে পালিয়ে যায়।”

তিনি আরও বলেন, “জড়িতদের নাম-পরিচয় ও ঠিকানা শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram