

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় আলিম পরীক্ষা-২০২৬ চলাকালে অসদুপায় (নকল) অবলম্বনের দায়ে এক আলিম পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই শিক্ষার্থী উপজেলার গাজীপুর আজিজিয়া আলিম মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।
বুধবার (২২ জুলাই) উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা চলার সময় এ ঘটনা ঘটে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে জানা যায়, পরীক্ষা চলার সময় কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হাইদুল ইসলাম। কেন্দ্র পরিদর্শনকালে গাজীপুর আজিজিয়া আলিম মাদ্রাসার এক পরীক্ষার্থীর (ছাত্র) কাছে হাতের লিখা একটি কাগজ (নকল) পাওয়া যায়। পরে ওই শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এছাড়াও তাকে এবারের আলিম পরীক্ষার অবশিষ্ট সকল বিষয়ের পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া বলেন, অসদুপায় অবলম্বনের দায়ে এক আলিম পরীক্ষার্থীকে চলমান আলিম পরীক্ষার পরবর্তী সকল বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা বলেন, পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের নকল বা অনিয়মের সুযোগ নেই। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রতিদিনই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। এ তদারকি অব্যাহত থাকবে।
